Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৬ দেশে ইরানের পাল্টা আঘাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৯:৩১

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৬ দেশে ইরানের পাল্টা আঘাত

সংগৃহীত ছবি

টানা ষষ্ঠ দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় অঞ্চলসহ ছয়টি দেশে অবস্থিত মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)।

সংবাদ সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা জানিয়েছে, গত ২২ জুন সুইজারল্যান্ডে যুদ্ধবিরতি নিয়ে ৬০ দিনের আলোচনা শুরু হওয়ার পর থেকে মার্কিন হামলায় ৩৮ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। ইরানের কর্মকর্তাদের ভাষ্য, সর্বশেষ রাতের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ইরানের বিরুদ্ধে নতুন দফার বড় সামরিক অভিযান চালানো হয়েছে। তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, মার্কিন হামলায় অন্তত ছয়টি সেতু, একটি রেলস্টেশন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন অন্তত আটজন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলার শিকার হওয়া সেতুগুলোর মধ্যে রয়েছে বন্দর আব্বাসকে খমীর ও লারার সঙ্গে সংযুক্তকারী গারিভেহ সেতু, লাতিদান এলাকার একটি সেতু, কাহুরেস্তান-লার মহাসড়কের দুটি সেতু, বন্দর-ই-খমীর, কেশার ও বন্দর আব্বাস সংযোগকারী নির্মাণাধীন একটি সেতু এবং খমীর জেলার মারু গ্রামের একটি সেতু।

ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে বন্দর আব্বাস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

শুক্রবার সকালে আইআরজিসি জানায়, চলমান সংঘাত শুরুর পর এটি তাদের ১৩তম পাল্টা হামলা।

এদিকে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে দোহায় এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইআরজিসি আরও দাবি করেছে, ওমানের ঘানিম এলাকায় একটি মার্কিন এয়ার কন্ট্রোল রাডার এবং হরমুজ প্রণালিতে একটি মেরিটাইম কন্ট্রোল রাডার ধ্বংস করা হয়েছে। একই সময়ে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব উপকূলের পূর্বে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির দাবি, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, কয়েকটি অস্ত্রাগার এবং দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সিরিয়ার আল-তানফে অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারেও হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের দাবি, ইরানশাহরে তাদের সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

Logo

অনুসরণ করুন