নির্বাচনের আগে বিএনপিপন্থীদের একটি অভিজাত ক্লাবের অনুষ্ঠানে আমি বলেছিলাম, সাংবাদিকদের উচিত বিএনপিকে নিয়ে গঠনমূলক সমালোচনা করা, আর তারেক রহমানের উচিত তা মন দিয়ে শোনা। অতীতে দেখেছি, শেখ হাসিনাকে স্তুতি দিয়ে তুষ্ট রাখতে গিয়ে বুদ্ধিজীবী ও সাংবাদিকরা তাঁর ক্ষতিই করেছেন। সরকারের কাছে সঠিক তথ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এরপর আয়োজকরা আমাকে আর আমন্ত্রণ জানাননি। এই বাস্তবতা মেনেই আমাকে সমালোচনা করতে হয়।
মানবিক মর্যাদার প্রশ্ন
যাঁরা আওয়ামী লীগের বা ভিন্নমতের কর্মীদের ধরে পুলিশে দিচ্ছেন, তাঁদের অনুরোধ করব, তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না। আইন যতটুকু সুযোগ দেয়, তা নিশ্চিত করুন। শেখ হাসিনা জনগণের মানবিক মর্যাদা ধুলিসাৎ করেছিলেন। কোনো দল বা সরকারেরই উচিত নয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো।
হাসিনা কি ফিরবেন?
চিলির স্বৈরশাসক পিনোশে যেমন নির্বাসন শেষে দেশে ফিরেছিলেন, শেখ হাসিনাও ফিরতে পারেন। ফেরা না-ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি হয়তো ভাবছেন, দিল্লিতে মারা গেলে তাঁর বিশাল দলের ভবিষ্যৎ অন্ধকার হবে। অনুগতদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও দেশে ফেরার চিন্তা রাজনৈতিকভাবে বোধগম্য।
তবে তাঁর পতন অনিবার্য করেছিল তাঁর দল ও কাছের মানুষেরাই। তাঁদের অনেকেই চাইবেন না, তিনি আবার অগ্নিমূর্তি হয়ে প্রতিশোধ শুরু করুন। যাঁরা চাইবেন, তাঁদের উদ্দেশ্যও মূলত হাসিনার পরিণতিকে পুঁজি করে রাজনীতিতে ফেরা।
পশ্চিমা দেশ বা ভারত হয়তো প্রত্যাশা করবে, ফিরলে তাঁর মৃত্যুদণ্ড যেন কার্যকর না হয়। কিন্তু বাংলাদেশ চিলি নয়, সালটাও ১৯৮১ নয়। ইতিহাস বলে ভারতের দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয় থাকার পর শেখ হাসিনার দেশে ফেরার কয়েক সপ্তাহের মাথায় তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই হাতে গড়া অফিসারদের হাতে শাহাদত বরণ করেন।
বিশ্বপরিস্থিতি এখন ভিন্ন। তারেক রহমান বিদেশিদের পরামর্শে বাবার মতো একই ভুল করবেন, রাজনৈতিক সমীকরণে তা মেলে না। তিনি ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করার আইনি ভিত্তি রয়েছে। তা করা হলে সরকারের জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তি দুটোই বাড়বে।
আওয়ামী লীগের ভেতরের বাস্তবতা
আওয়ামী লীগের বোনাফাইড নেতা-কর্মীরা ‘শেখের বেটির’ জন্য আহা-উহু করলেও হাইব্রিড ও দীর্ঘদিন নিগৃহীত কর্মীরা হাসিনার মতোই আবেগকে কাজে লাগাতে পারবেন। জামায়াতের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ নেতাদের ফাঁসির পর অনেকের ভাগ্য খুলেছে। গোলাম আযম বা মতিউর রহমান নিজামীর মতো নেতৃত্ব থাকলে আজকের অনেক মুখ জামায়াতে জায়গা পেতেন না। দেলাওয়ার হোসেন সাঈদীর সঙ্গে মুফতি আমির হামজার তুলনা করলে ত্যাগ, আকিদা ও পাণ্ডিত্যের পার্থক্য চোখে পড়ে।
একইভাবে আওয়ামী লীগে এখন ত্যাগী, বিশ্বাসযোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব নেই। ফলে হাসিনা ফিরলে অনেকে মুখে ‘আপার জন্য কান্না’ দেখাবেন, মনে মনে স্বস্তি পাবেন। আওয়ামী লীগেও তো আমির হামজারা আছে।
বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জ
বিএনপি সরকারের জন্য হাসিনার প্রত্যাবর্তন একটি প্রতিকূল পরিস্থিতি। ভারত তাঁকে আশ্রয়ে রাখাকে সাময়িক কৌশলগত সুবিধা মনে করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এতে বাংলাদেশে ভারতবিরোধিতা আরও বাড়বে।
জামায়াত ও নতুন প্রজন্মের রাজনীতি
আওয়ামী লীগ বিরোধী দলকে কট্টর ও হিংস্র হিসেবে দেখায় এবং এর বিপরীতে জনমত গঠনে বামপন্থী মতাদর্শ ও একাত্তরের আবেগকে ব্যবহার করে। জামায়াত ২৪ জুলাইকে শক্তিশালী করতে গিয়ে একাত্তর নিয়ে যে স্পর্ধা দেখিয়েছে, তাতে আওয়ামী বয়ান আরও জোরদার হয়েছে। তারা এখন বলতে পারছে, ‘দেখো, রাজাকারের বাচ্চারা ক্ষমতায় এলে কী করে।’
প্রবাসের কিছু সন্দেহভাজন চরিত্র তরুণদের দিয়ে ৩২ নম্বর ভেঙেছে এবং মেজর ডালিমকে কথিত নায়ক বানিয়ে একটি বর্বরতম ঘটনাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এতে অবিশ্বাস্যভাবে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
আমার ধারণা, জামায়াতের ‘ইসলামপন্থী’ বয়ানের আধুনিক অংশ উত্তর আমেরিকা ও ইউরোপের ডানপন্থার অনুকরণ। তারা বোঝেনি, সেখানকার ডানপন্থার উত্থান আর বাংলাদেশের ডানপন্থার উত্থানের রূপরেখা এক নয়। ইতিমধ্যে সেই বয়ান ভেঙে পড়ছে। গাজী নজরুল ইসলাম-সংক্রান্ত বিতর্কে তরুণ প্রজন্ম প্রতারিত বোধ করেছে। অথচ হাসিনা আমলের মতোই কথিত প্রগতিশীলেরা এ নিয়ে জোরালো অবস্থান নিতে পারেননি।
অন্যদিকে তরুণ প্রজন্মের আলোকবর্তিকা হিসেবে উঠে আসা নাহিদ ইসলাম ও আখতারদের সহকর্মীদের অশ্লীল ও অশ্রাব্য উচ্চারণ তাঁদের রাজনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত করেছে। উদার, মধ্যপন্থী ও বামপন্থীরাও এতটা বিপর্যস্ত হয়েছেন যে মধ্যপন্থীদের রাজনৈতিক পছন্দ আরও সংকুচিত হয়েছে। এর সুবিধা আওয়ামী লীগ কিছু না করেই পাচ্ছে, আর এর কৃতিত্ব জামায়াতকেই দিতে হবে।
মিসরের সিসির কথা মনে রাখতে হবে
২০১১ সালে হোসনি মোবারকের পতনের সময় আবদেল ফাত্তাহ আল-সিসি ছিলেন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান। ক্ষমতা হস্তান্তরের মধ্যবর্তী সময়ে সামরিক কর্মকর্তাদের যে পরিষদ দেশ চালায়, তিনি ছিলেন তার কনিষ্ঠ সদস্য। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পেয়ে তিনি দ্রুত তাদের আস্থা অর্জন করেন। নির্বাচনে মোহাম্মদ মুরসি জয়ী হলে তিনিই সিসিকে প্রতিরক্ষামন্ত্রী করেন, প্রবীণ জেনারেলকে সরিয়ে। এভাবে নিজের কবর নিজেই খুঁড়েছিলেন মুরসি।
ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই ব্রাদারহুড সরকার আরব বসন্তের তরুণদের কাছে অজনপ্রিয় হয়ে ওঠে। মুরসি সাময়িকভাবে নিজেকে সংবিধানের ঊর্ধ্বে তুলে নেন। সেনাবাহিনী এই সুযোগ নেয়, বিক্ষোভে উসকানি দিয়ে সরকারকে জনগণের বিপক্ষে দাঁড় করায়, এবং ২০১৩ সালে মুরসিকে সরিয়ে দেয়। কয়েক বছর পর সিসির আদালতে বিচারাধীন অবস্থায় মুরসির মৃত্যু হয়।
বাংলাদেশে সিসির মতো কারও উত্থান ঠেকাতে জামায়াত-সমর্থিত গুম কমিশনের নেতৃত্ব ভূমিকা রেখেছে বলে আমার ধারণা। ব্যক্তিগত সুবিধা ও জামায়াতের বয়ান জোরদার করাই এর উদ্দেশ্য, বিষয়টি মোটামুটি স্পষ্ট। ফলে ২০১৬ সালের এরদোয়ান বনাম ফেতুল্লাহ গুলেনের মতো পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে।
বিএনপির জন্য কিছু কথা
সরকারকে উপদেশ দেওয়া আমার কাজ নয়, তবে বিএনপি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা অনেককেই ব্যথিত করছে। দলটির অতীত নেতৃত্বে সংস্কারপন্থী ও তৃণমূলের রাজনীতি ছিল, কিন্তু এখন লন্ডনকেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থাপনা প্রাধান্য পেয়েছে। তারেক রহমান প্রশংসার দাবিদার, তবু দলের চেয়ে ব্যক্তির ইমেজই বড় হয়ে উঠছে। এই অবস্থায় গুলেনদের অব্যাহত রাজনৈতিক প্রচেষ্টা বাংলাদেশকে শক্তিশালী ভিত দেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

